
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহার করে পাখি শিকারের অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত মৃত পাখি এবং একটি জীবিত মাছরাঙা পাখি উদ্ধার করা হয়। এছাড়া প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
রোববার (১৫ মার্চ) দুপুরের দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর লাহাপাড়া এলাকার একটি লিচু বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীতে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের একটি দলের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে পাতা কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার হওয়া মৃত পাখিগুলো মাটিচাপা দেওয়া হয় এবং জীবিত মাছরাঙা পাখিটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) সংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে সদর থানা পুলিশও সহযোগিতা করে।
নিজস্ব প্রতিবেদক 



















