
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সরকার সবসময় দলমত নির্বিশেষে দেশের মানুষের কল্যাণে কাজ করছে। যাদের প্রয়োজন, তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
এ সময় তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ২০০টি শাড়ি, ৩০টি থ্রি-পিস, ১০ বান্ডিল টিনসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষ এসব সহায়তা পান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম সাদেক, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন সূফি শাহ্, আলহাজ্ব আবুল হোসেন বাবু, মো. শাকিল আহমেদ, হাফিজুর রহমান, আলহাজ্ব বেলাল হোসেন ও মোদাছের রহমানসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি 












