
বরিশালের গৌরনদী উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও গভীর শ্রদ্ধা-ভালোবাসার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানস্থলে বাংলাদেশের মানচিত্র, সাত বীরশ্রেষ্ঠের ছবি এবং জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি সম্বলিত বিশাল ব্যানার সবার দৃষ্টি আকর্ষণ করে। শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবকের সমারোহ জাতির পক্ষ থেকে বীর সন্তানদের প্রতি কৃতজ্ঞতার প্রতীক হয়ে ওঠে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মহান স্বাধীনতার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করতেই প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গৌরনদীর প্রধান প্রধান সড়ক ও সরকারি ভবনসমূহে বর্ণিল আলোকসজ্জা করা হয়, যা পুরো উপজেলাজুড়ে এক উৎসবমুখর আবহ তৈরি করে।
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, গৌরনদী মডেল থানা অফিসার ইন-চার্জ (তদন্ত) মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি,, শিক্ষক ও সাংবাদিকগণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সৈয়দ নুর আহছান, বরিশাল 



















