
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর একটি ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পোস্টে তিনি নিজের ক্ষতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে দায়ী করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে ইউএনওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসিল্যান্ডের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানানো হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে “AC Land Jamalganj” নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেওয়া হয়। এতে এসিল্যান্ড নিজেই ইউএনওকে দায়ী করেন বলে জানা গেছে। পরে ইউএনওসহ অনেকে তাঁর বাসায় গিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, আরিফুর রহমান প্রায় দুই মাস আগে জামালগঞ্জে যোগ দেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে থাকতেন।
ইউএনও শিল্পী রানী মোদকের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসিল্যান্ডকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেন।
ইউএনও বলেন, শুক্রবার রাতে তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। কেক কাটার আয়োজনে এসিল্যান্ড স্ত্রীসহ তাঁর বাসায় এসেছিলেন। সেখান থেকে বের হয়েই তিনি ফেসবুকে পোস্টটি দেন। পরে পুলিশসহ অনেকে তাঁর বাসায় গিয়ে তাঁকে অস্বাভাবিক আচরণ করতে দেখেন। এরপর তাঁর স্ত্রী চিকিৎসার জন্য তাঁকে সিলেটে নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে ঢাকায় আছেন।
ইউএনও আরও অভিযোগ করেন, ওই রাতে এসিল্যান্ড একজন আনসার সদস্যকে মারধর করেছেন, তাঁর তিন বছরের শিশুকে হুমকি দিয়েছেন এবং রাস্তায় যাঁদের সামনে পড়েছেন, তাঁদের সঙ্গেই অসৌজন্যমূলক আচরণ করেছেন। তবে এসব অভিযোগ ইউএনওর নিজের বক্তব্য হিসেবেই প্রকাশ করা হলো।
ফেসবুক পোস্টে কেন তাঁর নাম লেখা হলো, তা নিয়ে ইউএনও নিজেও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কেন তাঁর নাম ব্যবহার করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান বলেন, পরিবারের কাছ থেকে তাঁরা জেনেছেন, এসিল্যান্ড আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর স্ত্রীর বরাতে তিনি জানান, কয়েকদিন আগে জামালগঞ্জে একটি শিশুর মৃত্যু হয়, যে ঘটনার বিষয়ে এসিল্যান্ড দায়িত্ব পালন করেছিলেন। এরপর থেকে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি পরিবারের তত্ত্বাবধানে আছেন।
অধিকার ডেস্কঃ 
























