
গণপরিবহনে যাত্রী হয়রানি, অনিয়ম ও শৃঙ্খলাহীনতা রোধে বরিশালের গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নির্ধারিত গন্তব্যে না নিয়ে যাত্রী নামিয়ে নতুন যাত্রী তোলার অভিযোগে একটি বাসের বিরুদ্ধে জরিমানা ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) গৌরনদী উপজেলায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।
অভিযানে বরিশালগামী একটি বাসের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়। তদন্তে জানা যায়, বাসটি পথে ১৩ জন যাত্রীকে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে গৌরনদী বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়। পরবর্তীতে সেই আসনগুলো পূরণ করতে নতুন যাত্রী উঠিয়ে গাড়ি পূর্ণ করা হয়।

এ ঘটনাকে যাত্রী অধিকার লঙ্ঘন এবং পরিবহন নীতিমালার স্পষ্ট অবমাননা হিসেবে উল্লেখ করে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয় বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত অভিযানের সময় মানবিক দিক বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমেই নামিয়ে দেওয়া ১৩ জন যাত্রীকে বিকল্প পরিবহনে বরিশালে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
অভিযানের অংশ হিসেবে আরও দুইটি পরিবহনকে অবৈধভাবে যত্রতত্র পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও জ্বালানি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অসাধু উপায়ে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাত্রী হয়রানি বন্ধ করা এবং বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
সৈয়দ নুর আহছান, বরিশাল 



















