
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী খুলনা মেট্টো-ট-১১-০৮৯৭ নম্বরের ট্রাকটি নীলখোলা ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দিলে রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালক ও সহকারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের সামান্য আঘাত ছাড়া বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটির রেলিং তুলনামূলক দুর্বল হওয়ায় ধাক্কায় সহজেই ভেঙে যায়। এ কারণে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয় এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
গৌরনদী থানা পুলিশের একটি সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি, যান্ত্রিক ত্রুটি বা চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয়দের দাবি—ব্যস্ত এই মহাসড়কের ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দ্রুত সংস্কার ও সুরক্ষা ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
বরিশাল প্রতিনিধি 



















