
বর্ষা মৌসুমকে সামনে রেখে দেশের পানি ব্যবস্থাপনা ও বন্যা প্রস্তুতি জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা ও প্লাবন মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়টি সভায় গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
সভায় পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ মন্ত্রী এ্যানি। তিনি বলেন, “বর্ষা মৌসুম সামনে রেখে বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় আগাম কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের পরিকল্পনাগুলো তাঁকে অবহিত করা হয়েছে।”
তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় চলমান খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী—এমন পরিকল্পনা রয়েছে।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিল সপ্তাহের প্রথম কার্যদিবসে তাঁর প্রথম আনুষ্ঠানিক সভা।
সংশ্লিষ্টরা মনে করছেন, আগাম প্রস্তুতি ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহজ হবে এবং দেশের পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
দৈনিক অধিকার ডেস্ক 






















