
মানিকগঞ্জের সিঙ্গাইরে জমিজমার বিরোধের জেরে তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া।
যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।
আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লা এবং তাঁর চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এই বিরোধের জেরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ তিন ভাইকে কৌশলে বাড়িতে ডেকে নেন। এরপর সংঘবদ্ধ হয়ে তাঁদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় মোট আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
ঘটনার প্রায় আট বছর পর রায় ঘোষণার পর নিহতদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
বাদীপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) আ. ফ. ম. নূরতাজ আলম বাহার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধীরা প্রাপ্য শাস্তি পেয়েছেন।
অধিকার ডেস্কঃ 



















