
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন দোকানে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। একই সঙ্গে চাঁদাবাজি, মাদকদ্রব্যের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের পিটিআই মোড়ে শিবতলা থেকে আরামবাগ স্বপ্নপুরী মোড় এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় দুটি ওয়ার্ডের বাসিন্দা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দুলাল আলী, একই ওয়ার্ডের শামীম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার বিভিন্ন দোকানে গিয়ে চাঁদা দাবি ও আদায়ের ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ব্যবসার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এসব অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করা জরুরি।
বক্তারা আরও বলেন, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছেন। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।
তাঁরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে পার পেয়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তাঁরা।
পরে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন শেষ করেন অংশগ্রহণকারীরা।
নিজস্ব প্রতিনিধিঃ 






















