
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আরিফুর রহমান (৪০) ও ফালু মিয়া (৫৫)। ফালু মিয়া ঘটনাস্থলেই মারা যান। আর আরিফুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুর রহমানের চাচাতো ভাই মনির জানান, আরিফ পোস্তগোলার একটি পুরোনো লোহা কেনাবেচার (ভাঙারি) দোকানের কর্মচারী ছিলেন। সকালে আরিফ ও ফালু মিয়া একটি মোটরসাইকেলে যাওয়ার সময় উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
মনির আরও জানান, স্থানীয়রা ফালু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং আরিফকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরিফুর রহমান পাবনার বেড়া থানার বেতবাড়িয়া গ্রামের আউয়াল মোল্লার ছেলে। তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
অধিকার ডেস্কঃ 






















