
কোনো ভুল করলে সরকারকে ছাড় দেওয়া হবে না—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বর্তমান সময়ে জনগণ অনেক বেশি সচেতন ও ক্ষমতাবান; ফলে সামান্য ভুলও দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি হয়।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের পর এখন পর্যন্ত একটা হানিমুন পিরিয়ড চলছে। তবে এটা বেশিদিন থাকবে না। মানুষ তাদের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের সামনে দাঁড়াবে। কোনো ভুল করলে কেউ আমাদের ছাড়বে না। এখন এমন সময়—দুপুরে ভুল করলে বিকেলেই আমার বিরুদ্ধে মিছিল হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনৈতিক অবস্থা উত্তরাধিকার হিসেবে পেয়েছে, যা সামাল দেওয়া সহজ নয়। “আমরা একটি পঙ্গু অর্থনীতি পেয়েছি। সবাই দুশ্চিন্তায় আছি। তিন মাসের মধ্যেই ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে। ভ্যাট থেকে যে আয় হয়, তা দিয়ে বাজেটের অর্ধেকও পূরণ হয় না। বাকি অর্থ বিভিন্নভাবে সংগ্রহ করতে হয়,”—বলেন তিনি।
জনগণের শক্তি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, এখন রাষ্ট্রীয় ক্ষমতার ধরন বদলে গেছে। তথ্যপ্রযুক্তির উন্নয়নের কারণে জনগণ আগের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, “যত বাহিনীই থাকুক, জনগণের অনুমোদন ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না। গুলি করে মানুষের ক্ষোভ দমন করা সম্ভব নয়। জনগণের ভোটই সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, সরকারের মধ্যে যদি জনগণের প্রতি এই জবাবদিহিতার ভয় থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে। “আমরা চাই এই জবাবদিহিতার শক্তি সবসময় সজাগ থাকুক,”—যোগ করেন তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।
সৈয়দ নুর আহছান, বরিশাল 



















