
মাদারীপুরের ডাসার উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে মারুফ সরদার (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৬ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আর নিহতের পরিবার বিচার দাবি করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় বিরোধপূর্ণ জমির সীমানা নির্ধারণ ও মাপঝোককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় সহিংস সংঘর্ষে। অভিযোগ রয়েছে, মোফাজ্জেল সরদারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নূর ইসলাম সরদারের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় নূর ইসলাম সরদার, তার স্ত্রী মাহিনূর বেগম, ছেলে মারুফ সরদারসহ একই পরিবারের কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে মারুফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হলেও রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা নূর ইসলাম সরদার অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, তার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার পর প্রধান অভিযুক্ত মোফাজ্জেল সরদারসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই কিশোর মারুফের মৃত্যু হয়েছে। ঘটনায় মামলা নেওয়া হয়েছে, আসামিদের ধরতে অভিযান চলছে।”
এ ঘটনায় নিহতের মা মাহিনূর বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১২ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, তুচ্ছ জমি বিরোধ থেকে প্রাণহানির মতো ঘটনা উদ্বেগজনক। গ্রামাঞ্চলে জমি বিরোধ নিষ্পত্তিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে এ ধরনের সহিংসতা আরও বাড়তে পারে।
এদিকে কিশোর মারুফের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এলাকাবাসীর দাবি-শুধু মামলা নয়, দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
সৈয়দ নুর আহছান, বরিশাল 



















