
আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি দল ভেতরে–ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজশাহী নগরের হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গত দেড় দশকে দেশবাসী একাধিক প্রশ্নবিদ্ধ নির্বাচনের অভিজ্ঞতা অর্জন করেছে। মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন আর ক্ষমতায় নেই। তবে নতুন করে আরেকটি গোষ্ঠী নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচন যেন কেউ নস্যাৎ করতে না পারে, সে জন্য জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণ সচেতন থাকলে নির্বাচনের পরদিন থেকেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বেলা আড়াইটার দিকে ভাষণ শুরু করা তারেক রহমান প্রায় ২৫ মিনিট বক্তব্য দেন। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে সরাসরি জনসমাবেশে অংশ নেওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, রাজশাহীর মানুষের সঙ্গে তাঁর একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। বক্তব্যের সময় মাঠভর্তি নেতাকর্মী ও সমর্থকেরা করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে আইটি পার্ককে কার্যকর করা হবে এবং তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পুনরুজ্জীবন এবং কৃষিখাতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
কৃষকদের জন্য পৃথক পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে, যার মাধ্যমে সার, বীজ ও কৃষিঋণ সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে। তিনি জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণাও দেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে পরিবার পরিচালনায় নারীরা আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে বৈদেশিক মুদ্রা ব্যয়ের প্রবণতা কমে।

তিনি আরও বলেন, অতীতে নেওয়া অনেক বড় প্রকল্পের মূল লক্ষ্য ছিল দুর্নীতি, জনকল্যাণ নয়। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে জনগণ কাঙ্ক্ষিত সেবা পায়নি বলেও অভিযোগ করেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাফজুর রহমান। সভা শেষে তারেক রহমান রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের ধানের শীষ প্রতীকের ১৩ জন প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সৈয়দ মাসুদ রাজশাহী 



















