
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বাহিনীর ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সংযম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি ও পরিকল্পনা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কর্নেল এস এম আবুল এহসান জানান, দেশের প্রায় ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবির হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) মোট ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের ৫১টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে। এসব এলাকায় ১৩৪টি প্লাটুন বিজিবি সদস্য ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে কাজ করবে। পাশাপাশি বিশেষ তল্লাশি কার্যক্রম জোরদারে বিজিবির কে-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে।
নির্বাচনে দায়িত্ব পালনের সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, বডি ওয়ার্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি এবং উন্নত যোগাযোগ সরঞ্জামের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে। নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাবে, যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয়।
নির্বাচনকে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে কর্নেল এস এম আবুল এহসান বলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঝুঁকির আশঙ্কা নেই। তিনি আরও জানান, বিজিবির মহাপরিচালকের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনী কোনো অবস্থাতেই লেথাল ওয়েপন ব্যবহার করবে না।
দৈনিক অধিকার ডেস্ক 



















