
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গভীর রাতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরপরই (৪ ফেব্রুয়ারি) গোমস্তাপুর বাজার এলাকায় পরপর দুইটি এবং গোমস্তাপুর থানা এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত পরিচয়ের দুবৃত্তরা।
বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের শব্দে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, “গোমস্তাপুর বাজার ও থানা এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এবং কী ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সম্ভাব্য আলামত সংগ্রহে কাজ শুরু করে। বর্তমানে সমগ্র উপজেলা এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে এবং টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















