
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহীর পদ্মা নদীতে বিশেষ জলপথ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল ১১টার দিকে পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন–১ এর সদস্যদের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে সাতটি স্পিডবোট নিয়ে বিজিবি সদস্যরা নদীপথে টহল ও বিভিন্ন কৌশলগত অনুশীলন করেন।

বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ মহড়া পরিচালনা করা হয়েছে। নদীর চরাঞ্চলকে বিশেষ নজরদারিতে রাখতে ইতোমধ্যে সেখানে বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের আগে বা পরে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। মহড়ায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সৈয়দ মাসুদ,রাজশাহী 


















