
দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগে বিএনপির তিন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নের বৈধতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব পৃথক আদেশে এ দিন নির্ধারণ করেন।
যেসব প্রার্থীর মনোনয়ন চ্যালেঞ্জ করা হয়েছে, তারা হলেন—ঢাকা-১১ আসনের ড. এম এ কাইয়ুম, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম।
ঢাকা-১১ আসন
দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট করেন নাহিদ ইসলাম। তবে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রিট সরাসরি খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করা হয়। আবেদনে বলা হয়েছে, ড. এম এ কাইয়ুম ভানুয়াতু রাষ্ট্রের নাগরিক।
কুমিল্লা-৩ আসন
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন আবেদনটি খারিজ করলে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টেও রিট খারিজ হওয়ায় পরবর্তীতে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়।
বগুড়া-১ আসন
বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আহসানুল তৈয়ব জাকির এবং সংশ্লিষ্ট একটি ব্যাংক। পরে তারা উভয়েই আপিল প্রত্যাহার করে নেন। পরবর্তীতে জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন রফিকুল ইসলামের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করলে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন।
শুনানি প্রসঙ্গ
তিনটি লিভ টু আপিলের পক্ষে সোমবার শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহ নেওয়াজ। আইনজীবীরা জানান, আজ মঙ্গলবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এসব আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে নতুন রিট
এদিকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ। সোমবার রিটটি দায়ের করা হয় বলে তার আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা জানিয়েছেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকের নাগরিকত্ব গ্রহণ করেন, যা তিনি হলফনামায় গোপন করেছেন। এটি সংবিধানের সরাসরি লঙ্ঘন বলে রিটে উল্লেখ করা হয়।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার এ রিটের শুনানি হতে পারে।
দৈনিক অধিকার ডেস্ক 



















