
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন সফল হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে, যা দেশের জন্য একটি বড় অর্জন। এ জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথা স্মরণ করেন।
সিইসি বলেন, দিনভর বিভিন্ন গণমাধ্যমে নির্বাচনের ইতিবাচক মূল্যায়ন দেখা গেছে এবং দেশের নির্বাচনী ইতিহাসের যেকোনো মানদণ্ডে এটিকে ভালো নির্বাচন হিসেবে বিবেচনা করা যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এবং এই অর্জন ইতোমধ্যে স্বীকৃতি পাচ্ছে।
তিনি আরও বলেন, এত বড় জনসংখ্যার দেশে নির্বাচন আয়োজন একটি বিশাল কর্মযজ্ঞ। প্রায় ১৮ কোটি মানুষের দেশ এবং ১২ কোটি ৭০ লাখ ভোটারের জন্য বিপুলসংখ্যক ব্যালট ছাপানো ও বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এ কাজ সম্পন্ন করা সম্ভব হতো না বলে তিনি উল্লেখ করেন এবং দেশবাসী, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
সিইসি বলেন, নির্বাচন আয়োজন সফল হলেও এটিকে নিখুঁত বলা যায় না, কারণ পৃথিবীর কোনো দেশেই সম্পূর্ণ ত্রুটিমুক্ত নির্বাচন হয় না। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনের কথাও উল্লেখ করেন। অতীতের তুলনায় এই নির্বাচন যেকোনো মানদণ্ডে গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয়েছে বলে তিনি মনে করেন।
দৈনিক অধিকার ডেস্ক 



















