জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তিনি বেইলি রোড এলাকার বাসায় পৌঁছান।
এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ৯ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় সাক্ষাৎ করেন তারেক রহমান। ওই বৈঠক শেষে রাত ৮টার দিকে তিনি সেখান থেকে নাহিদ ইসলামের বাসার উদ্দেশে রওনা দেন। পরে রাত ৮টা ২৭ মিনিটের দিকে সার্কিট হাউস রোড সংলগ্ন বাসভবনে পৌঁছান।
তারেক রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে নাহিদ ইসলামের বাসায় এনসিপি নেতা আখতার হোসেন ও সারজিস আলমকে দেখা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটসঙ্গীদের আরও তিনটি আসন যুক্ত হওয়ায় বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়ায় ২১২।
দীর্ঘ সময় পর বড় ধরনের এ জয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 




















