
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। সোমবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠাতে হয়। সে অনুযায়ী ২৯৬ জন সদস্যের একটি তালিকা কমিশনে জমা দেওয়া হয়েছে। এখন কমিশন আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
বর্তমান বিধান অনুযায়ী, জাতীয় সংসদে দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, বিএনপি পেতে পারে ৩৫টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি এবং জাতীয় নাগরিক পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটগত অবস্থার ওপর নির্ভর করে একটি করে আসন পেতে পারে। ছোট দলগুলো জোট না করলে আসন পাবে না; তবে জোট করলে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। জোটগত সমীকরণে বড় দলগুলোর আসন সংখ্যায় সামান্য পরিবর্তন হতে পারে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ঈদের আগেই এ নির্বাচনের সব কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। এছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাধারণ নির্বাচনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি।
দৈনিক অধিকার ডেস্ক 



















