
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এলাকায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি সহায়তায় ১৫টি খাল খননের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ে পৃথক আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো ডিও লেটারে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল ও ভবানীপুর খাল, সরাইল উপজেলার নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল এবং ডাঙ্গীর খাল খননের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে সরাইল উপজেলার দেওড়া বড় খাল, লাখৌ নদী ও জাফর খাল; আশুগঞ্জের আড়াইসিধা থেকে বাজার চরচারতলা পর্যন্ত খাল এবং আড়াইসিধা খাল; বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল ও ডাঙ্গীর খাল খননের প্রস্তাব করা হয়।
ডিও লেটারগুলোতে বলা হয়েছে, এসব খাল পুনঃখনন ও সংস্কার করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষক, জেলে ও স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক অধিকার ডেস্ক 



















