
দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ত না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসা শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের রাজনৈতিক চাপ দেওয়া উচিত নয়; বরং তাদের গবেষণা ও দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে।
রোববার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে নবভর্তি চিকিৎসকদের ইনডাকশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ছাত্র-ছাত্রীদের ৮১ শতাংশ মনে করেন রাজনীতি তাদের শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। তাই শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর পলিটিক্সের কোনো চাপ বা প্রভাব সৃষ্টি না করে গবেষণায় মনোযোগী হওয়ার পরিবেশ তৈরি করতে হবে।
চিকিৎসা পেশায় নিরন্তর শেখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু বই পড়লেই হবে না; রোগী দেখতে দেখতে এবং চিকিৎসা দিতে দিতে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে। চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগীদের সঙ্গে ভালো আচরণ ও হাসিমুখে কথা বলাও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, দেশের অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশে যান। এর পেছনে কেবল চিকিৎসা-সুবিধার সীমাবদ্ধতা নয়, চিকিৎসকদের আচরণও একটি কারণ হতে পারে। তাই রোগীকেন্দ্রিক সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। মলিকুলার ল্যাব স্থাপন, চিকিৎসকদের আবাসন-ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬৬ একর প্রকল্প বাস্তবায়নেও আগ্রহ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দায়িত্ববোধ শুধু দেশ ও জনগণের জন্য নয়, নিজের পেশাগত উৎকর্ষের সঙ্গেও জড়িত। মানুষের প্রতি মমত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্লিনিক্যাল দক্ষতার পাশাপাশি বিশেষজ্ঞ হিসেবে লাইফ লং লার্নিংয়ের ধারায় থাকতে হবে।
দৈনিক অধিকার ডেস্ক 


















