
দেশব্যাপী আলোচিত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে এক বছর পূর্ণ হলো। দিনটি ঘিরে তার পরিবার ও স্থানীয়রা চোখের পানিতে মেয়েটিকে স্মরণ করছেন।
২০২৫ সালের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী মাঠপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী আছিয়া ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে সর্বশেষ সিএমএইচে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ২০২৫ তার মৃত্যু হয়।
নিহত আছিয়ার মা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে সর্বোচ্চ সাজা—মৃত্যুদণ্ড—প্রদান করেন। তবে এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করায় মামলাটি সেখানে বিচারাধীন রয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই মামলার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে শিশু নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া সম্ভব হবে।
আপরিনা আমীন নদী 




















