
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশাল বোল মাছ। পরে স্থানীয় দুই মাছ ব্যবসায়ী প্রায় ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনে টেকনাফে এনে সংরক্ষণ করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাটে একটি মাছ ধরার ট্রলার থেকে নামানো হয়। পরে বরফ দিয়ে সংরক্ষণ করে আল-গালিব ফিশারিতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, ট্রলার মালিক মো. রাসেলের একটি মাছ ধরার ট্রলার গত ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে গভীর সাগরে মাছ ধরতে যায়। সাগরে জেলেদের ঘেরা জালে বড় আকারের একটি বোল মাছ ধরা পড়ে। পরে বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি মাছটি নিয়ে টেকনাফে ফিরে আসে। তিনি বলেন, “আমি ও জাফর মিলে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনেছি। মাছটির ওজন প্রায় ২০০ কেজিরও বেশি হতে পারে।”
তিনি আরও জানান, শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারে মাছটি কেটে খুচরা বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর মূল্য নির্ধারণ করা হবে। এর আগেও গত রমজানে তারা একই ধরনের বড় বোল মাছ বিক্রি করেছিলেন।
ট্রলার মালিক মো. রাসেল বলেন, ৩ মার্চ তার ট্রলারটি গভীর সাগরে মাছ ধরতে গেলে জালে এই বিশাল আকারের বোল মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার ট্রলারটি বোটঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে বিক্রি করা হয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা জানান, বোল মাছ সাধারণত বড় মুখ ও শরীরজুড়ে বিভিন্ন রঙের ফোটা দাগের কারণে সহজেই শনাক্ত করা যায়। সেন্ট মার্টিন দ্বীপের প্রবালঘেরা শীল এলাকায় এই প্রজাতির মাছ তুলনামূলক বেশি দেখা যায়। সুস্বাদু হওয়ায় বাজারে এ মাছের চাহিদাও বেশ ভালো।
দৈনিক অধিকার ডেস্ক 



















