
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক সোনামসজিদ আইসিপিতে অভিযান চালিয়ে এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে ২৩১.৮১ গ্রাম খাঁটি স্বর্ণ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ৫টার দিকে নিয়মিত চেকিং কার্যক্রমের সময় বাংলাদেশী নাগরিক মোঃ সানি মাই (২৭), পাসপোর্ট নং-A12776759, গ্রাম-বড় বড়াই কাউরাইদ, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে আটক করা হয়। আর্চওয়ে মেটাল ডিটেকটর চেকিংয়ের সময় ধাতব দ্রব্য থাকার বিষয়টি ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে, পায়ুপথ থেকে ০২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারি সমিতি দ্বারা পরীক্ষা করে খাঁটিতার সত্যতা নিশ্চিত করেছে। এই স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৫৩,৯৪,৬০০/- (তিপান্ন লক্ষ চুরানব্বই হাজার ছয়শত) টাকা। আটককৃত ব্যক্তিকে রাতেই শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক, বিজিবি সব ধরনের অপকৌশল প্রতিরোধে সর্বদা সজাগ রয়েছে।”
এই অভিযানের মাধ্যমে বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষায় গুরুত্বারোপ করছে এবং অবৈধ বাণিজ্য প্রতিরোধে আরও কঠোর হওয়ার সংকল্প ব্যক্ত করেছে।
নিজস্ব প্রতিবেদক 



















