
ঈদুল ফিতরকে সামনে রেখে নওগাঁয় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক মেহেদি উৎসব। বুধবার শহরের ড্যাফোডিলস স্কুল প্রাঙ্গনে ‘টিম জেড’-এর উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এতে সহযোগিতা করে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
উৎসবজুড়ে ছিল ঈদের আগাম আমেজ। বিভিন্ন বয়সী নারী ও তরুণীরা অর্গানিক মেহেদী দিয়ে হাত রাঙাতে ভিড় করেন। নানান নকশা ও রঙের সমাহারে তৈরি হয় মনোমুগ্ধকর পরিবেশ। অংশগ্রহণকারীদের হাতে ফুটে ওঠে লতাপাতা, ফুল ও আলপনার সূক্ষ্ম নকশা, যা পুরো আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয়।
উৎসবে অংশ নেওয়া অনেকেই জানান, এমন আয়োজন ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। তাদের মতে, এ ধরনের উদ্যোগে আগেভাগেই উৎসবের অনুভূতি ছড়িয়ে পড়ে।
অংশগ্রহণকারী ফাতেমা জান্নাত বলেন, ঈদের আগে এমন আনন্দঘন পরিবেশে অংশ নিতে পেরে তিনি দারুণ খুশি। তিনি মনে করেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেহেদি ব্যবহারের সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে গেলেও অর্গানিক মেহেদির মাধ্যমে সেই ঐতিহ্য আবার নতুনভাবে ফিরে আসছে।
আয়োজক মার্শিয়া রহমান জানান, উৎসবে ব্যবহৃত সব মেহেদিই ছিল সম্পূর্ণ প্রাকৃতিক এবং ত্বকের জন্য নিরাপদ। আগ্রহীরা নিজেদের পছন্দ অনুযায়ী নকশা বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। নকশার ধরন অনুযায়ী মেহেদি পরানোর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
আয়োজকদের একজন সোহাইল ইসলাম সারজা বলেন, নারী উদ্যোক্তাদের উদ্যোগে এটি তাদের প্রথম আয়োজন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের উৎসাহিত করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় সংস্কৃতি ও উৎসবের আবহকে আরও সমৃদ্ধ করে তুলছে।
দৈনিক অধিকার ডেস্ক 



















