
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১০টার পরে গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম।
এ সময় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। পাশাপাশি ঈদের দিনের খাবারের জন্য পোলাও চাল, সেমাই, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। আয়োজনে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে, আর নতুন পোশাক পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে খুশির ঝিলিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবেই এবারের এই উদ্যোগ গ্রহণ করা হয়।
উপহার বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে কোনো শিশুই আর অবহেলিত থাকবে না।”
স্থানীয়দের মতে, বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ শুধু শিশুদের প্রয়োজন পূরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
নিজস্ব প্রতিবেদক 



















