
বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার টরকী কসবা ইসলামী মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত এই এলাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল প্রতিনিধি 



















