
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদিনা ফজলুল হক সরকারি কলেজে পালিত হয়েছে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৯৭১ সালের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
দিনের শুরুতে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু’র সভাপতিত্বে আয়োজিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহাঃ জিল্লার রহমান এবং সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল আলম ভোতা।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরোচিত গণহত্যার ইতিহাস তুলে ধরে বলেন, এই দিনটি বাঙালি জাতির জন্য এক শোকাবহ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, উদযাপন কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউল হক, ছাত্রনেতা মোঃ নাগিব রেসাদ রিফাত এবং মোঃ মাহবুবুর রহমান।
কর্মসূচির অংশ হিসেবে জোহরের নামাজের পর কলেজ মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















