
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকায় একটি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের বোন ঝর্না বেগম (৪০), তার স্বামী আ. মমিন (৫০), তাদের মেয়ে লাবিবা (১৮) এবং ছেলে সাইফ (৭)। তারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। এছাড়া প্রাইভেটকারের চালক জামাল হোসেনও নিহত হয়েছেন, যার বাড়ি বরিশালে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার কালাকচুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় চালক জামাল হোসেন ও এক শিশু যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন জানান, প্রাইভেটকারে চালকসহ ছয়জন ছিলেন, তাদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক অধিকার ডেস্ক 



















