
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ও প্রাচীন ‘বার্থী তাঁরা মায়ের মন্দিরে’ আজ শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক কালীপূজা। প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে পুরো এলাকায় বইছে উৎসবের আমেজ, ভক্তদের ঢল আর আলোর ঝলকানিতে মুখরিত চারপাশ।
বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন মন্দির প্রাঙ্গণকে রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে যেন এক নববধূর সাজে সেজেছে পুরো এলাকা। সকাল থেকেই শুরু হয়েছে ধর্মীয় আনুষ্ঠানিকতা, যা চলবে গভীর রাত পর্যন্ত।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, পুরোহিত শ্রী অজয় মৈত্রের নেতৃত্বে দিনব্যাপী পূজা কর্মসূচিতে রয়েছে—চণ্ডীপাঠ, শীতলা পূজা, বলিদান, বিকালে গীতাপাঠ, সন্ধ্যায় বিশেষ আরতি প্রতিযোগিতা। এছাড়া রাতে প্রসাদ বিতরণ, শিবাভোগ ও ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এএসপি শান্তনু ঘোষ বলেন, বাংলা ১১১ সালে জমিদার রাম লাল ভট্টাচার্য এই মন্দিরের পাকা স্থাপনা নির্মাণ করেন। পরবর্তীতে অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র সহযোগিতায় এটি আজকের দৃষ্টিনন্দন রূপ পায়। মন্দিরের নাম অনুসারেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের নামকরণ হয়েছে।
প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা ও ভারত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। ভক্তদের বিশ্বাস, চৈত্র মাসের এই পূজা মানবকল্যাণ ও মানসিক শান্তির জন্য বিশেষ তাৎপর্য বহন করে।
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল জানান, উৎসব নির্বিঘ্ন করতে মন্দির ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঐতিহ্য, ধর্মীয় আবেগ আর মানুষের অংশগ্রহণে বার্থীর তাঁরা মায়ের কালীপূজা এবারও হয়ে উঠেছে এক মহা মিলনমেলা।
সৈয়দ নূর আহসান, বরিশাল 



















