
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দেশে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর ধারাবাহিকতায় তৃতীয় দফায় আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে আসছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই চালান পাঠানো শুরু হয়। টানা প্রায় ৬০ ঘণ্টা পাম্পিংয়ের পর মঙ্গলবার সকাল ৬টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিভিং টার্মিনালে পুরো সরবরাহ পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, গত শুক্রবার পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। একইভাবে ১১ মার্চও পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও ডিপোর কার্যক্রম চালু রাখা হয়েছে।
পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসি ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানান, চলতি মাসে এটি তৃতীয় দফার সরবরাহ এবং নুমালিগড় রিফাইনারি থেকে নিয়মিতভাবে ডিজেল পাম্পিং চলছে।
উল্লেখ্য, চলতি মাসে আগের দুই দফায় মোট ১০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। নতুন ৭ হাজার মেট্রিক টন যুক্ত হলে মোট আমদানির পরিমাণ দাঁড়াবে ১৭ হাজার মেট্রিক টন।
দৈনিক অধিকার ডেস্ক 



















