
নাটোরের সিংড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনার সময় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নর পাড়িল গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়িল গ্রামের সিরাজুল ইসলাম ও আবুল কালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধান কাটার শ্রমিকদের জন্য অস্থায়ী ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
কথা-কাটাকাটি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে লাঠিসোঁটা, ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে এক পক্ষের সিরাজুল ইসলাম, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ অন্তত ১৫ জন আহত হন। অপর পক্ষের হাসি বেগম, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি বলেন, “এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর আগেও একাধিকবার বিরোধ সৃষ্টি হলেও এবার তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।
বিশ্লেষকদের মতে, গ্রামীণ এলাকায় জমিজমা নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে সহিংসতার বড় কারণ হয়ে রয়েছে। ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হওয়া, স্থানীয় পর্যায়ে সালিশ ব্যবস্থার দুর্বলতা এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অনেক সময় এমন রক্তক্ষয়ী সংঘর্ষের জন্ম দেয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত তদন্ত, আইনি ব্যবস্থা এবং বিরোধপূর্ণ জমির সঠিক নিষ্পত্তি না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা থেকে যায়।
সাজেদুর রহমান,নাটোর 



















