
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো, মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ কামাল উদ্দিন, ইত্তেফাক প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি মোঃ ইমরান আলী, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় অংশ নেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদক বিস্তার, মহাসড়কে নিরাপত্তা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা জরুরি।
সভায় বিভিন্ন ইউনিয়নে মাদক প্রতিরোধ কার্যক্রমে আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু ক্ষেত্রে নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা উঠে আসে। বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে ইউনিয়ন পর্যায়ে নজরদারি বাড়াতে হবে এবং মহাসড়কে টহল জোরদার করে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিশেষভাবে বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও স্থানীয় সচেতন মহলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বলা হয়, সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি বাল্যবিয়ে রোধে আইনি পদক্ষেপ আরও কার্যকর করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ মাজহারুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে কোনো ধরনের শিথিলতা চলবে না।”
সভায় জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তঃবিভাগীয় সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি আসন্ন সময়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান এবং মাঠ পর্যায়ে কার্যকর মনিটরিংয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া সভায় জনদুর্ভোগ কমাতে সড়ক নিরাপত্তা, বাজার তদারকি, স্বাস্থ্যসেবা, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয় সভা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক 



















