
নওগাঁর পত্নীতলায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮নং নজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আজিজার রহমানের (৪৫) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। জনপ্রতিনিধি হিসেবে পরিচিত, সদালাপী ও জনবান্ধব এই ইউপি সদস্যের আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের মাতম।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৮নং নজিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবনাবাজ গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন আজিজার রহমান। পারিবারিক সূত্র জানায়, হঠাৎ স্ট্রোক করলে দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহকর্মী ও স্থানীয়রা হাসপাতালে এবং পরে বাড়িতে ভিড় করেন। শেষবারের মতো প্রিয় জনপ্রতিনিধিকে একনজর দেখতে ছুটে আসেন শত শত মানুষ।
বিকেলে বাবনাবাজ মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে বাবনাবাজ হামুহার সরকারি গোরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয়রা জানান, আজিজার রহমান ছিলেন এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের পাশে দাঁড়াতেন সবসময়। তার মৃত্যুতে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
গ্রামের প্রবীণ বয়োজ্যেষ্ঠ কাজেম উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আজিজার আমার ভাগিনা। তার এমন অকাল মৃত্যু আমাদের জন্য হৃদয়বিদারক। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
ইউপি সদস্যের এ অকালপ্রয়াণে শোক জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারা বলেন, আজিজার রহমান শুধু একজন ইউপি সদস্য নন, ছিলেন মানুষের আপনজন।
সাজেদুর রহমান,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















