
ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলসংলগ্ন একটি গলিতে সংঘটিত বিকৃত ও অশালীন আচরণের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। ঘটনার তিন দিনের মাথায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের পর সিরাজগঞ্জে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পেছনের নির্জন গলিতে অভিযুক্তের বিকৃত ও অশালীন আচরণের ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক, ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে ডিবি পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল ও আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে সন্দেহভাজনের গতিবিধি, পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। প্রযুক্তিনির্ভর তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসার পর অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে ডিবির একটি বিশেষ দল সিরাজগঞ্জে রওনা দেয়।
পরবর্তীতে এনায়েতপুর থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজুগড়া দক্ষিণপাড়া এলাকা থেকে অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহমুদুল হাসান ওই এলাকার মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। তার মায়ের নাম মলুদা খাতুন। এ ঘটনাকে কেন্দ্র করে নগরীর নতুন বাজার এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে স্কুলসংলগ্ন এলাকায় এমন বিকৃত আচরণের ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
অভিযুক্ত গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে আইনের আওতায় আনায় ডিবি পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। পুলিশের একাধিক সূত্র জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, “সিসিটিভি নজরদারি, তথ্যপ্রযুক্তি ও আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না—এই বার্তাই দেওয়া হয়েছে।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে নগর এলাকায় সংঘটিত নানা অপরাধ উদঘাটনে সিসিটিভি নজরদারি ও ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ঘটনাও তার একটি বড় উদাহরণ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যে কোনো বিকৃত, অসামাজিক ও নিন্দনীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।
ঘটনাটি নিয়ে নগরজুড়ে এখনও আলোচনা থামেনি; তবে অভিযুক্ত গ্রেফতারে স্বস্তির পাশাপাশি অপরাধ দমনে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধি 



















