
চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে র্যাব-৫। জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি হেরোইনসহ এক কথিত মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
আটক ব্যক্তি জয়নাল টুলু (৪৫) সদর উপজেলার ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জয়নাল টুলুর বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বস্তার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকেই জয়নাল টুলুকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ হেরোইন সীমান্ত এলাকা হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত হেরোইন ও আটক জয়নাল টুলুকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্তঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরেই মাদক পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত। বিশেষ করে হেরোইন ও ইয়াবা পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেও সক্রিয় রয়েছে বিভিন্ন চক্র। তবে র্যাব বলছে, মাদক নির্মূলে তাদের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ 



















