
নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলায় সরকারি “ফ্যামিলি কার্ড” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গৌরনদী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন উপজেলার সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয়ের সুযোগ পাবে, ফলে জনভোগান্তি অনেকাংশে কমবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির অংশ হিসেবে ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। গৌরনদী উপজেলাকে এ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জানানো হয়, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬ শতাধিক পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫শ’ টাকা করে সহায়তা পাবে। সংশ্লিষ্টরা জানান, এ সহায়তার মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় সহজ হবে।
বরিশাল জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনসার উদ্দিন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান।
এছাড়া উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গৌরনদী উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম।
সৈয়দ নুর আহছান, বরিশাল 


















