
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণী ইন্টার্ন মিডওয়াইফের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ২২ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি জ্বর ও হামের মতো বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রোববার তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, রোগীকে আইসিইউতে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত তরুণী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্নশিপ করছিলেন।
তার অকাল মৃত্যুতে স্বাস্থ্য বিভাগ, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরাও গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি সংক্রামক রোগ। এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
দৈনিক অধিকার ডেস্ক 

















