
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুর পৌনে দুইটায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নামোশংকরবাটি কাটাবাগান জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে মাদকের ভয়াবহ পরিণতি, সমাজে এর নেতিবাচক প্রভাব এবং তরুণ প্রজন্মের ওপর মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় জনগণ মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং প্রশাসনের পাশে থেকে মাদকের বিস্তার রোধে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ 

















