
রাজশাহীর আমিরপুর ফেরিঘাটে দীর্ঘদিন ধরে চলে আসা অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বুধবার (২৪ জুন) নগর ভবনে চর মাজারদিয়াড়বাসীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
এদিন চর মাজারদিয়াড়ের বাসিন্দারা আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ জানিয়ে রাসিক প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে চরবাসীর সমস্যা সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন স্পষ্ট করে বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্ধারিত হারের বাইরে কোনো অতিরিক্ত টোল পরিশোধ করতে হবে না। অতিরিক্ত টোল আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাসিক প্রশাসকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে একই দিন দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে রাসিকের একটি প্রতিনিধি দল আমিরপুর ফেরিঘাট সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে ঘাটে স্থায়ীভাবে দুটি টোল চার্ট স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়। নির্ধারিত হার অনুযায়ী টোল আদায় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
পরিদর্শনে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রাসিক প্রশাসকের এই তাৎক্ষণিক উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চর মাজারদিয়াড়ের বাসিন্দারা।
সৈয়দ মাসুদ রাজশাহী 

















