
রাজশাহী মহানগরের ব্যবসায়িক নিরাপত্তা জোরদার করতে সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) রাজশাহী জেলা শাখার নেতারা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন।
গত ১৯ জুন ২০২৬ সাহেববাজারে অবস্থিত কারুশ্রী জুয়েলার্সে একটি চুরির ঘটনা ঘটে। এরপর রাসিক প্রশাসক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে আধুনিক নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
প্রশাসকের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বুধবার (২৪ জুন ২০২৬) বাজুসের রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে বিষয়টি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানিয়ে লিখিত আবেদনপত্র দেওয়া হয়। প্রশাসক আবেদনপত্রটি গ্রহণ করেন এবং বিষয়টির প্রতি আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বাজুস নেতারা ব্যবসায়িক নিরাপত্তায় এই উদ্যোগ গ্রহণের জন্য রাসিক প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, সিসি ক্যামেরা স্থাপন কার্যকর হলে স্বর্ণপট্টির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়বে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বাজুস রাজশাহী জেলা শাখার চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম (অপু), সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম (সুইট) এবং সংগঠনের অন্যান্য নেতারা।
সৈয়দ মাসুদ, রাজশাহী 

















