
দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ভাঙা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদীতে প্রায় তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার জুমার নামাজের পর খাঞ্জাপুর ইউনিয়নবাসীর ব্যানারে উপজেলার ভূরঘাটা বাস টার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গৌরনদী, উজিরপুর, মাদারীপুরের কালকিনিসহ আশপাশের বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা প্রায় আধাঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ে এবং যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের মানুষ ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন। পদ্মা সেতু চালুর পর এ সড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় প্রায়ই যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
তাদের দাবি, মূল সড়ক চার লেন এবং দুই পাশে দুটি সার্ভিস লেন নির্মাণ করে মোট ছয় লেনে উন্নীত করা হলে যান চলাচল আরও নিরাপদ ও গতিশীল হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, পায়রা ও মোংলা বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং দক্ষিণাঞ্চলের পর্যটন, শিল্প ও বাণিজ্য খাত নতুন গতি পাবে।
বক্তারা দ্রুত ভাঙা-কুয়াকাটা ছয় লেন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। পাশাপাশি দাবি বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা জানান।
সৈয়দ নূর আহসান, বরিশাল 

















