
ময়মনসিংহের শম্ভুগঞ্জের রাঘবপুরে অবস্থিত প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) প্রতিষ্ঠার তিন দশক পূর্তি উপলক্ষে শনিবার (২৭ জুন ২০২৬) দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছিল— “একসাথে চলি, সক্ষমতার সমাজ গড়ি।”
সকাল ৯টায় অতিথি অভ্যর্থনা ও নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন, বাইবেল ও গীতা থেকে পাঠ অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন পিসিসির নির্বাহী পরিচালক সিলভেস্টার গোমেজ। এরপর প্রধান ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে ৩০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং প্রতিষ্ঠানের তিন দশকের পথচলা তুলে ধরে একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
পিসিসির সেবাগ্রহীতা ঋতু আক্তার, পান্না আক্তার ও তানভির মুন্না নিজেদের জীবনসংগ্রাম এবং এই প্রতিষ্ঠান থেকে পাওয়া সহযোগিতার অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার এরিক (তাইজে ব্রাদার্স)। পিসিসির নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মুন্নি দাশ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহম্মেদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগকে আরও সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে। তিনি পিসিসির তিন দশকের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনা মন্ডল, পিসিসির উপদেষ্টা মাসুদুল হক রিপন, সহ-সভাপতি মুন্নি সরকার, বিশিষ্ট সমাজসেবক আলি ইউসুফ, আর এনডিএম প্রিন্সিপাল, সিস্টার প্রেসি গামজ এবং পিসিসির কো-অর্ডিনেটর রাজন বীন।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে নির্বাহী পরিচালক সিলভেস্টার গোমেজের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, গত তিন দশক ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার। ৩০ বছর পূর্তির এই উদযাপন সেই দীর্ঘ পথচলার অর্জন ও ভবিষ্যৎ অঙ্গীকারেরই প্রতিফলন।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 

















