
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় বিস্তারিত আলোচনার পর ২০২৫-২৬ অর্থবছরের ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সার সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা এবং স্থানীয় সরকার বিভাগের মনোনীত বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উম্মে কুলসুম সম্পা, রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছমিনা খাতুন, বিটিসিএলের জিএম (গ্রাহকসেবা) আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্যান্সিস আশিষ ডিকস্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাক আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা।
এছাড়া সভায় রাসিকের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নিলুফার ইয়াসমিন, এবিএম আসাদুজ্জামান সুইট, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
সভা শেষে সংশ্লিষ্টরা জানান, অনুমোদিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা সম্প্রসারণ, উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী নগরী গড়ে তুলতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সৈয়দ মাসুদ রাজশাহী 

















