
পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি মিনি পেট্রল পাম্প। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান ও একটি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলা। প্রাথমিক হিসাবে এতে প্রায় ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, একটি জেনারেটরে স্পার্কিং থেকেই আগুনের সূত্রপাত হয়।
আগুনে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার মিনি পেট্রল পাম্পে প্রায় ১৫ লাখ টাকা, আয়নাল বিশ্বাসের মুরগির ওষুধের দোকানে প্রায় ৬ লাখ টাকা এবং আবুল হোসেনের ওষুধের দোকান ও ভুসিমালের দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া আগুনে মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলাও ক্ষতিগ্রস্ত হয়, যাতে আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। তার তথ্যমতে, প্রাথমিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩১ লাখ টাকা।
অধিকার ডেস্কঃ 




















