
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, গত সোমবার রাতের কোনো এক সময় শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। ঘটনাটির একটি ভিডিও গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে একজন ব্যক্তি বোতল থেকে তরল পদার্থ স্মৃতিস্তম্ভে ছিটাচ্ছেন। কিছুক্ষণ পর দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে তা স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারেন এবং এরপর দ্রুত দৌড়ে স্থান ত্যাগ করেন। ভিডিওতে একজন পুরুষ কণ্ঠে একাধিক স্লোগান শোনা যায়, যেগুলোর মধ্যে ছিল রাজনৈতিক বার্তাসংবলিত বিভিন্ন কথা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর গতকাল দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
ওসি কবির হোসেন জানান, স্মৃতিস্তম্ভে কালো দাগ দেখা গেলেও তদন্তে কার্যকর কোনো আলামত পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অধিকার ডেস্কঃ 




















