
চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে আলাদা ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (১১ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সার্বিক নাগরিক সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ লক্ষ্যেই দিয়াড় অঞ্চলের ইউনিয়নগুলোকে সমন্বিত করে একটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নানা ক্ষেত্রে তাদের ভোগান্তি রয়েছে। পৃথক উপজেলা গঠিত হলে প্রশাসনিক সেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে এবং এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যাবে বলে মন্তব্য করেন তিনি।
পথসভায় এমপি বুলবুল চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক দুরুল হোদা, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের আমীর দেলোয়ার হোসেন এবং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধিঃ 
























