
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় কালুপুর গ্রাম থেকে ভারতীয় ৯৩ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি আরও জানায়, চলতি আগস্ট মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ভারতীয় ৩৬৭ বোতল এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে মাদক প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিনিধিঃ 





















