
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলাম (চাইনিজ)-এর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করেও খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রেখেছেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা জাসাসের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জোনাব আলী, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মুক্তা, বিএনপি নেতা ইসমাইল বিশ্বাস, জহিরুল হক বিশ্বাস বুলু, গোলাম কিবরিয়া কোয়েল, আতিক হাসান মুক্তাসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আরাফাত রহমান কোকো এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রফিকুল ইসলাম (চাইনিজ)।
দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।
পরে স্থানীয় পথচারী, শ্রমজীবী, নিম্নআয়ের মানুষ এবং গরিব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কর্মসূচির অংশ হিসেবে কয়েকশ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। খাবার গ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। জন্মদিন উপলক্ষে আয়োজিত এ মানবিক ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুদীর্ঘ রাজনৈতিক অবদান স্মরণ করা হয় বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করে। ভবিষ্যতেও দলের বিভিন্ন জাতীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ 
























